কয়েকদিন থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি: তথ্য উপদেষ্টা


 অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন যে, গত কয়েক দিন ধরে তিনি নিরাপত্তার কারণে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি সবার কাছে অনুরোধ করেছেন যেন তাঁর ছবি কোনো স্পেসিফিক কারণ ছাড়া বেশি প্রচার না করা হয়। 


আজ রবিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথম অফিসের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। পাশাপাশি, নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নাহিদ ইসলাম বলেন, "গত কয়েক দিন ধরে আমি নিরাপত্তার কারণে পালিয়ে বেড়াচ্ছি। যদি কোনো বিশেষ কারণ থাকে বা প্রয়োজন হয়, তাহলে সে বিষয়ে আমি নিজেই আপনাদের আহ্বান করব। এই ব্যাপারে আপনারা আমাকে সহযোগিতা করবেন।"


গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নাহিদ ইসলাম উল্লেখ করেন, "নিরপেক্ষ সংবাদ এবং স্বাধীন গণমাধ্যম আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের একটি মৌলিক স্তম্ভ, তাই গণতন্ত্রের জন্য আমাদের গণমাধ্যমের স্বাধীনতা ও মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করতে হবে।"

স্বাধীন গণমাধ্যমের উন্নয়ন উদ্যোগ সম্পর্কে নাহিদ ইসলাম জানান, "গণমাধ্যমে বর্তমানে কোন ধরনের বাধা রয়েছে বা তার সমাধান কিভাবে করা যায়, তা নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনা করেই আমরা কার্যক্রম বাস্তবায়ন করব। যেসব অভিযোগ উঠেছে, সেগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনে সেন্সর বোর্ডের পুনর্গঠন করার উদ্যোগ নেবো।"

Post a Comment

0 Comments